কলকাতা বইমেলায় কাল বাংলাদেশ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে বাংলাদেশ দিবস পালনের আনুষ্ঠানিক কর্মসূচির কথা জানানো হয়। ছবি: ভাস্কর মুখার্জি
আজ সোমবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে বাংলাদেশ দিবস পালনের আনুষ্ঠানিক কর্মসূচির কথা জানানো হয়। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ দিবস পালিত হবে।
আজ সোমবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে বাংলাদেশ দিবস পালনের আনুষ্ঠানিক কর্মসূচির কথা ঘোষণা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
কলকাতা বইমেলা শুরু হয়েছে গত ২৭ জানুয়ারি, বিজ্ঞান নগরীর পাশে মিলনমেলা ময়দানে। এখানেই বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে ঢাকার বাংলা একাডেমির বর্ধমান হাউসের আদলে। ৩ হাজার ৭০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে এই প্যাভিলিয়ন। আর এই বইমেলায় বাংলাদেশের ৩২টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে।
কলকাতা বইমেলায় বাংলাদেশসহ ২২টি দেশ যোগ দিয়েছে। সব মিলিয়ে ৮০০ প্রকাশনা সংস্থা স্টল করেছে এই বইমেলায়। এর মধ্যে ২০০টি লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থা।
আগামীকাল বাংলাদেশ দিবস উপলক্ষে বিকেলে বইমেলার এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘বাঙালিয়ানা ও বৈশ্বিকতা’ শীর্ষক একটি সেমিনারের। সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী। আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাহিত্যিক সমরেশ মজুমদার প্রমুখ। আর সভাপতিত্ব করবেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। সেমিনারের পর বাংলাদেশ শিশু একাডেমী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

এই বইবেলা শেষ হবে ৭ ফেব্রুয়ারি।