কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত বইমেলায় আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে প্যাভিলিয়নের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। এ সময় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুল রহমান, শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মো. আকতারুজ্জামান।
তিন হাজার ৭০০ একর জায়গা নিয়ে বর্ধমান হাউসের আদলে করা বাংলাদেশ প্যাভিলিয়নে জায়গা হয়েছে বাংলাদেশের ৩২টি প্রকাশনা সংস্থার। কলকাতার ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন হয় গতকাল সোমবার সন্ধ্যায়। তবে সাধারণের জন্য এই বইমেলা উন্মুক্ত হবে কাল ২৭ জানুয়ারি থেকে। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এই বইমেলার আয়োজন করে।
বইমেলায় আগামী ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন বিকেলে বইমেলার এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘বাঙ্গালিত্ব এবং বিশ্বায়ন’ শীর্ষক একটি সেমিনার। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
