কলকাতা বইমেলায় বাংলাদেশি বইয়ের স্থায়ী কেন্দ্র দাবি
বাংলাদেশের বই সহজে কলকাতায় পেতে সেখানকার বইপ্রেমীরা বাংলাদেশের বইয়ের স্থায়ী কেন্দ্র গড়ার দাবি করেছেন। আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় আয়োজিত বাংলাদেশের বইমেলা চত্বরে আয়োজিত পাঠক সমাবেশে এ দাবি করা হয়।
পাঠকেরা বলেন, কলকাতার বাজারে বাংলাদেশের বই এখন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। নিয়মিত বাজার বাড়ছে কলকাতায়। কিন্তু সেই অনুপাতে পাঠকদের বাংলাদেশের বই নিয়মিত পাওয়া কঠিন। তাই বাংলাদেশের বইয়ের একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র কলকাতায় গড়া হলে কলকাতার বইপ্রেমীরা বাংলাদেশের বই সহজে দেখার ও কেনার সুযোগ পাবেন।
পাঠক সমাবেশে আলোচনায় অংশ নেন শংকর সিং, সঞ্জয় অধিকারী, ভাস্কর মাইতি, মহাদেব রায় প্রমুখ।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব মো. মোফাকখারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও কথা বলেন কবি অমরেশ রায় চৌধুরী ও পিয়াস মজিদ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের বই এখন সর্বাধুনিক পদ্ধতিতে ছাপা হয়। লেখা ভালো। ডিজাইন, বাঁধাই উন্নতমানের। তবে দাম একটু বেশি। তবুও বলতে হয় বাংলাদেশের বই এখন দারুণভাবে গ্রহণযোগ্য। এ ছাড়া বাংলাদেশে এখন অনেক নতুন নতুন কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। তাঁদের বইও কলকাতার বইপ্রেমীরা পড়তে চান। বাংলাদেশের কম্পিউটার, চিকিৎসা, আইনবিষয়ক বাংলা বইয়ের তুলনা হয় না। বাংলা একাডেমির বইও কলকাতার বইয়ের বাজারে সমাদৃত। দুই দেশের বাংলাভাষার বইয়ের চাহিদা মেটাতে বাংলাদেশের বইয়ের চাহিদা রয়েছে কলকাতায়। পাঠকেরা চাইছে কলকাতায় আরও বাংলাদেশের নিত্যনতুন বই আসুক।
উল্লেখ্য, কলকাতায় বাংলাদেশের বইমেলা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ১০ সেপ্টেম্বর। এই বইমেলা এবার ছয় বছরে পা দিয়েছে।