কলকাতা বইমেলায় ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা শুরু হচ্ছে ২৭ জানুয়ারি। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে ২ ফেব্রুয়ারি উদ্‌যাপিত হবে বাংলাদেশ দিবস। আজ শনিবার বিকেলে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৫ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় কলকাতার মিলনমেলা ময়দানে। আনুষ্ঠানিকভাবে এ মেলা সবার জন্য শুরু হবে ২৭ জানুয়ারি। ৪০ বছরে পা দিচ্ছে এবারের বইমেলা। বাংলাদেশসহ ২২টি দেশ যোগ দিচ্ছে এতে। বাংলাদেশ থেকে অংশ নেবে ৩২টি প্রকাশনা সংস্থা। বাংলা একাডেমির বর্ধমান হাউসের আদলে ৩ হাজার ৭০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলিভিয়ার বিশিষ্ট লেখক মাগেলা বৌদোইুন। বাংলাদেশ দিবস উপলক্ষে ২ ফেব্রুয়ারি বিকেলে বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ‘বাঙ্গালিত্ব এবং বিশ্বায়ন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু ও বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আরও থাকবেন বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।

কলকাতা বইমেলায় এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে গুয়াতেমালা, নরওয়ে এবং চীন। এ ছাড়া যোগ দিচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পেরু, তুরস্ক ও জাপান ছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। এবারের বইমেলার থিম কান্ট্রি বলিভিয়া।