কলকাতা সস্তা, মুম্বাই দামি

ভারতে অন্যতম সস্তা শহর কলকাতা। খাওয়াদাওয়া, চলাফেরা, থাকায় সবচেয়ে কম খরচ হয় এখানে। আবার এই কলকাতা বিশ্বের সস্তা শহরের তালিকায় ২৬তম।
জীবনযাত্রার ব্যয় নিয়ে জরিপ পরিচালনাকারী সংস্থা মার্সার ২৩তম জরিপের ফলাফলে এই তথ্য জানা গেছে।
সমীক্ষায় বলা হয়েছে, কলকাতার পর ভারতের দ্বিতীয় সস্তা শহরের তালিকায় রয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। তৃতীয় স্থানে চেন্নাই, চতুর্থ স্থানে দিল্লি আর পঞ্চম স্থানে উঠে এসেছে মুম্বাইয়ের নাম।

আবার বিশ্বের সস্তা শহরের তালিকায় ভারতের পাঁচ মহানগরীর স্থান হলো যথাক্রমে: কলকাতা ২৬, বেঙ্গালুরু ৪৪, চেন্নাই ৭৫, দিল্লি ১১১ এবং মুম্বাই ১৫৩তম। এতে এটা স্পষ্ট হয়েছে, ভারতে এখন দামি শহরের শীর্ষে রয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আবার বিশ্বে দামি শহরের তালিকায় মুম্বাইয়ে স্থান ৫৭ নম্বরে। সমীক্ষায় এ কথাও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দামি ৫০টি শহরের তালিকায় শিগগিরই ঢুকে পড়ছে মুম্বাই।
বিশ্ব র্যাঙ্কে এরপর রয়েছে দিল্লি ৯৯তম স্থানে, চেন্নাই ১৩৫, বেঙ্গালুরু ১৬৬ এবং কলকাতা ১৮৪তম স্থানে।

সমীক্ষায় বিশ্বের ১০টি সস্তা শহরের তালিকায় রয়েছে তিউনিসিয়ার তিউনিস, কিরগিজস্তানের বিশকেক, মেসিডোনিয়ার কোপঝে, নামিবিয়ার উইন্ডহোয়েক, মালাউইয়ির বস্নান্টায়ার, জর্জিয়ার তিবিলিসি, মেক্সিকোর মন্টেরে, বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, পাকিস্তানের করাচি ও বেলারুশের মিনস্ক।
বিশ্বের দামি ১০টি শহরের তালিকায় রয়েছে অ্যাঙ্গোলার লুয়ান্ডা, হংকং শহর, জাপানের রাজধানী টোকিও, সুইজারল্যান্ডের জুরিখ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার সোল, সুইজারল্যান্ডের জেনিভা, চীনের সাংহাই, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সুইজারল্যান্ডের বার্ন।