কলকাতা সাহিত্য উৎসব শুরু হচ্ছে ১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘কলকাতা অষ্টম সাহিত্য উৎসব ২০১৬ ’। কলকাতার সেন্টপলস ক্যাথিড্রাল, সেন্ট জেমস চার্চ চত্বর ও অক্সফোর্ড বুকস্টোরে তিন দিনব্যাপী এই উৎসব আয়োজিত হবে।

আজ শুক্রবার দুপুরে উৎসবের আয়োজক কলকাতার অক্সফোর্ড বুক স্টোরস ও এপিজে সুরেন্দ্র গ্রুপ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে সাহিত্য উৎসবের দুই পরিচালক ময়না ভাগত ও অনজুন কাটিয়াল সাংবাদিকদের বলেন, এই উৎসবে সাহিত্য নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে যোগ দেবেন কলকাতাসহ ভারতের বিশিষ্ট সাহিত্যিকেরা। উৎসব শেষ হবে ১৭ জানুয়ারি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাহিত্য উৎসবে যোগ দেবেন শিক্ষাবিদ শশী থারুর, সাহিত্যিক শোভা দে, নবনীতা দেব সেন, পরিচালক সন্দীপ রায়, রূপালি বসু প্রমুখ। বব ডিলানের নোবেল প্রাপ্তি উপলক্ষে উৎসবে আয়োজন করা হয়েছে বিশেষ একটি অনুষ্ঠানের। এ ছাড়া উৎসবে দেখানো হবে প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ওপর নির্মিত একটি তথ্যচিত্র। থাকবে মহাশ্বেতা দেবীর বিশেষ স্মরণ অনুষ্ঠান। শিশুদের নিয়েও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। উৎসবে চীনের একটি অপেরার অংশ নেওয়ার কথা রয়েছে।