কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হাইকোর্ট
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে অবিলম্বে অপসারণের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সভাপতি অশোক দেব।

গতকাল রোববার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার কাছে এ দাবি নিয়ে ছয় পাতার একটি চিঠি লিখেছেন অশোক দেব।

চিঠিতে অশোক দেব কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বিরুদ্ধে অস্বচ্ছতা, একপেশে ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন।

চিঠিতে অশোক দেব একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ও পর্যবেক্ষণ নিয়ে তাঁর অভিযোগ তুলে ধরেছেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অশোক দেবের চিঠি লেখার বিষয়টিকে মেনে নিতে পারেননি কলকাতার বেশ কিছু আইনজীবী। এই দলে সিপিএম ও কংগ্রেসের আইনজীবীরাও আছেন। তাঁরা বলছেন, এ ধরনের চিঠি লেখার অধিকার অশোক দেবের নেই। এই চিঠি লেখার জন্য অশোক দেবের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যাতে মামলা শুরু করেন, সেই দাবি জানিয়েছেন তাঁরা।

অশোক দেবের চিঠিকে বিচারব্যবস্থার জন্য ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ। তিনি বলেছেন, এটা অশোক দেবের ব্যক্তিগত চিঠি হতে পারে। কিন্তু বার কাউন্সিলের সঙ্গে এ চিঠির কোনো সম্পর্ক নেই।

সিপিএম নেতা, কলকাতার সাবেক মেয়র ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, এ ধরনের চিঠি লেখার কোনো অধিকার রাজ্য বার কাউন্সিলের সভাপতি অশোক দেবের নেই। এই চিঠি লেখার আগে তাঁর আইনসম্মত অধিকার সম্পর্কে জানা উচিত ছিল। যদি তিনি কোনো দুর্নীতিগ্রস্ত সরকারের (তৃণমূল কংগ্রেস) এজেন্ট হিসেবে কাজ করতে চান, তবে পদ ছাড়ার পর তা করতে পারেন। এ ধরনের চিঠির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।