কলকাতায় ঈদের প্রধান জামাত রেড রোডে অনুষ্ঠিত

কলকাতার রেড রোডে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে লাখো মানুষ এই জামাতে অংশ নেয়।
এ ছাড়া কলকাতার পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মলিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড ও এন্টালিসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা তাঁদের বার্তায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেছেন।
কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের ধর্মপ্রাণ মুসলিমরা বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বন্ধন আরও সুদৃঢ় করার জন্য বিশেষ মোনাজাত করে।
পবিত্র ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।