কলকাতায় জমজমাট ঈদের বাজার
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কলকাতাজুড়ে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। কলকাতার সব বাজারই এখন জমজমাট। গরুর হাটও বেশ জমেছে। দূর-দূরান্ত থেকে এসেছে নানা জাতের গরু, ছাগলসহ কোরবানিযোগ্য পশু।
ধর্মতলা থেকে গড়িয়াহাট, শিয়ালদহ থেকে রাজাবাজার বা বেলগাছিয়া-পার্ক সার্কাস থেকে এন্টালি-খিদিরপুর, সর্বত্রই একই চিত্র—ভিড়ে ঠাসা বাজার, চলছে জমজমাট বিকিকিনি।
কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট ও এর আশপাশের বাজারে এখন পা রাখারই জো নেই। মানুষের ভিড়ে চলা দায়। সবাই চাইছে নিজেদের পছন্দের জিনিসপত্র কিনে নিতে। আর দোকানিরাও নতুন নতুন পোশাক ও পণ্যের পসরা সাজিয়ে রেখেছে দোকানপাট। বিভিন্ন কোম্পানিও ঈদের কথা মাথায় রেখে বাজারে ছেড়েছে নানান জাতের পণ্য। বিভিন্ন নামী কোম্পানিও ঈদের বাজার ধরার জন্য ছাড়ে পণ্য বিক্রির কথা ঘোষণা করেছে।
শুধু মুসলিম এলাকায় এই ভিড় নয়, কলকাতার অন্যত্রও একই চিত্র। কেউ কেউ পার্ক স্ট্রিট, রাজাবাজার, চিত্পুর, মেটিয়াব্রুজ, খিদিরপুর, বেলগাছিয়া, ধর্মতলার বাজারের ভিড় ছেড়ে হাজির হচ্ছেন গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিং মলে। যেসব পরিবার দরদাম করতে চাইছে না, তারা যাচ্ছেন বিভিন্ন শপিংমলে। শপিংমলগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। পার্ক সার্কাস, মল্লি¬ক বাজার, খিদিরপুর, রাজাবাজার, বেলগাছিয়া এই সব এলাকায় বিরাট বিরাট তোরণ বানানো হয়েছে। ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার টাঙিয়ে মানুষকে স্বাগত জানানো হয়েছে। আলোকমালায় সজ্জিত করা হয়েছে এসব তোরণ।
কলকাতার নিউ টাউন, কৈখালি ও রাজারহাটের বড় বড় সড়কে ঈদকে স্বাগত জানিয়ে বিরাট বিরাট তোরণ নির্মাণ করা হয়েছে। ঈদের দিন এখানে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান চলবে তিনদিন ধরে।
কলকাতার নামী ও ঐতিহ্যবাহী মসজিদ চিত্পুরের নাখোদা মসজিদ। এই নাখোদা মসজিদ চত্বর ঘিরে এখন ঈদের বাজার জমজমাট। এই মসজিদের অনতিদূরে কলকাতার বৃহত্ পাইকারি বাজার বড় বাজার। তাই এই এলাকা এখন জমজমাট। সব দোকানেই উপচে পড়া ভিড়। মসজিদের আশপাশে টুপি-আতর থেকে সেমাইসহ নানা খাদ্যসামগ্রীর দোকান। অনতিদূরে পোশাকের দোকান। সর্বত্রই ভিড় লেগে আছে। একই চেহারা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার টিপু সুলতান মসজিদ এলাকাতেও।
নাখোদা মসজিদ চত্বরের এক টুপি বিক্রেতা বললেন, ‘মোটামুটি ভালোই বিক্রি চলছে। সব কিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ একটু হতাশ হলেও নতুন টুপি পরে ঈদের নামাজ পরার আগ্রহের খামতি নেই।’
কলকাতায় মূলত রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়া ব্রুজ, খিদিরপুর, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, বেলগাছিয়া, নিউমার্কেট, চিত্পুর, টালিগঞ্জ, এন্টালি, আনোয়ার শাহ রোড এইসব এলাকা ঘিরে মুসলিম সম্প্রদায়ের লোকজনের বাস। এখানের সব ছোট-বড় বাজারে ঈদের ভিড় লেগেই আছে। ধনী-গরিব সবাই যে যার সাধ্যমতো জিনিসপত্র কিনছে।