কলকাতায় জমিয়তে উলেমার সভায় সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ শনিবার দুপুরে জমিয়তে উলেমা-এ-হিন্দের জনসভায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন।

দুপুরে কলকাতার ধর্মতলায় আয়োজিত জমিয়তে উলেমা-এ-হিন্দের সভার খবর সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘২৪ ঘণ্টা’র সাংবাদিক ও চিত্রগ্রাহকেরা। এ সময় সংগঠনটির কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। ভেঙে ফেলা হয় তাঁদের সঙ্গে থাকা গাড়ি ও ক্যামেরা। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক সন্দীপ সরকার ও চিত্রগ্রাহক চাঁদ মহম্মদ। আরও আহত হন সাংবাদিক অয়ন ঘোষাল ও চিত্রগ্রাহক প্রীতম দে।

জনসভায় অভিযোগ করা হয়, বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর অকারণে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে আজ এ জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভায় সংগঠনের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, খাগড়াগড়–কাণ্ডকে সামনে রেখে দেশজুড়ে মাদ্রাসাবিরোধী প্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, সন্ত্রাসে যুক্ত ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেওয়া হোক। তবে এ অজুহাতে মাদ্রাসা শিক্ষা বন্ধের চক্রান্ত করা যাবে না।

হামলার শিকার সাংবাদিকেরা জানান, খবর সংগ্রহ করতে সভাস্থলে গেলে জমিয়তের একদল কর্মী তাঁদের ওপর হামলা চালান। আক্রমণের সময় ওই কর্মীরা বলেন, ‘২৪ ঘণ্টা আমাদের নামে উল্টোপাল্টা খবর প্রচার করেছে।’

জমিয়তের সভাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বিঘ্নিত হয় শহরের যান চলাচল–ব্যবস্থা।