কলকাতায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
কলকাতায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

ভারতের কলকাতায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দিনটি পালনের জন্য আজ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি নেয়। কর্মসূচির মধ্যে ছিল বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তিতে মাল্যদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী, প্রমাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। এ সময় পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক মুখ্য সচেতক রবীন দেব, কলকাতার সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কলকাতার কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সেখানে মাল্য দেয়।
১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রিতে পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫-৪৬ সালে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের নাম বদলিয়ে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।

১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। এই স্মৃতিকক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু ২৪ নম্বরের পাশের ২৩ নম্বর কক্ষটি যুক্ত করে স্মৃতিকক্ষ গড়ার উদ্যোগ নেন। এই হিসেবে ১৯৯৮ সালের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।