কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে কলকাতায় চতুর্থ বাংলাদেশ বইমেলার উদ্বোধন করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ বিশিষ্টজনেরা। ছবি: ভাস্কর মুখার্জি
ফিতা কেটে কলকাতায় চতুর্থ বাংলাদেশ বইমেলার উদ্বোধন করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ বিশিষ্টজনেরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় চতুর্থবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে কলকাতার রবীন্দ্র সদন চত্বরে ছয় দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার মিয়া মাইনুল কবির।
বইমেলার উদ্বোধন করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এই বইমেলা আমাদের দুই দেশের মৈত্রী বন্ধনকে আরও দৃঢ় করবে। সাংস্কৃতিক বিনিময়ের পথকে প্রশস্ত করবে।’ এ সময় তিনি পশ্চিমবঙ্গের বইপ্রেমীরা বাংলাদেশি বই যেন আরও বেশি পড়তে পারে, সে জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শামসুজ্জামান খান বলেন, ‘এই বইমেলা আমাদের দুই দেশের চিরকালীন সম্পর্ককে আরও গভীর করে দুদেশে এক অসাম্প্রদায়িক চেতনা তৈরির পথ প্রশস্ত করবে।’
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশই আজ বিশ্বের দরবারে বাংলা ভাষাকে উচ্চতায় নিয়ে গেছে। এতে আমিও গর্বিত। আর বইমেলা পারে আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার পথ প্রশস্ত করতে।’
কলকাতার সংস্কৃতিকেন্দ্র রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই বইমেলায় যোগ দিয়েছে বাংলাদেশের ৩৫টি প্রকাশনা সংস্থা। সম্মিলিতভাবে এই বইমেলার আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বইমেলা উপলক্ষে প্রতিদিনই থাকছে সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের আসর ও নৃত্যানুষ্ঠান। এতে অংশ নেবেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংবাদিকেরা।