কলকাতায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে আহত ২০
কলকাতায় শিয়ালদহ-কৃষ্ণনগর পথে চলাচল করা একটি লোকাল ট্রেনে আজ মঙ্গলবার ভোররাত বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোররাত ৩টা ২০ মিনিটে লোকাল ট্রেনটি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। এটি টিটাগড় স্টেশন ছাড়ার পর একদল দুষ্কৃতকারীর নিজেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় তাদের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে ২০ জন আহত হন। আহত লোকজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই তিনজনসহ মোট আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, বিস্ফোরণে রাজা দাস নামের এক দুষ্কৃতকারীর হাত উড়ে গেছে। রাজা দাসের সঙ্গে আরেক দুষ্কৃতকারী কালা ভোলার কথা-কাটাকাটি হয়।
রেল পুলিশ জানিয়েছে, রাজা দাস ও কালা ভোলা ব্যারাকপুরের কুখ্যাত ওয়াগন ব্রেকার। ছিনতাই ও মাদক পাচারের সঙ্গেও তারা জড়িত। ট্রেনে বিস্ফোরণ ঘটার পর অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকে আহত হন।