কলকাতায় শেষ হলো বাংলাদেশ বইমেলা

কলকাতায় ছয় দিনব্যাপী শুরু হওয়া চতুর্থ বাংলাদেশ বইমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কলকাতায় সংস্কৃতির প্রাণকেন্দ্র রবীন্দ্র ও নন্দন চত্বরে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ২৫ অক্টোবর থেকে কলকাতায় চতুর্থবারের মতো এই বাংলাদেশ বইমেলা শুরু হয়। গত তিন বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছিল গগনেন্দ্র প্রদর্শন কেন্দ্রের মিলনায়তনে।
অন্যপ্রকাশের প্রকাশক মাযহারুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এবারে বইপ্রেমীদের সংখ্যা অনেক বেশি। উন্মুক্ত প্রাঙ্গণে মেলা নিয়ে আসায় বাড়তি সুযোগ এসেছে এবার।
অবসর প্রকাশনীর প্রকাশক আলমগীর রহমান বলেন, কলকাতার বইপ্রেমীদের মধ্যে বাংলাদেশের বই কেনার প্রবণতা অনেক বেড়েছে।
বইমেলার দায়িত্বে থাকা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাণিজ্যসচিব মো. ওমর ফারুক আজ শুক্রবার প্রথম আলোকে জানান, গত তিন বছরের তুলনায় এবার বইপ্রেমীদের সংখ্যা ছিল অনেক বেশি। বই বিক্রিও হয়েছে গত বছরের প্রায় দ্বিগুণ। এখনো চূড়ান্ত হিসাব না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবারের বই বিক্রি ৫০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
বইমেলার সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আলোচনায় অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দেবাশীষ ভট্টাচার্য, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আলমগীর সিদ্দিকি, ইমানুল হক প্রমুখ।
ছয় দিনব্যাপী আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কলকাতায় বাংলাদেশ বইমেলায় এবার ৩৫টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা একাডেমি, অনন্যা, আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., বাংলাপ্রকাশ, অনিন্দ্য প্রকাশ, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, কাকলী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, অবসর প্রকাশনা সংস্থা, কথাপ্রকাশ, সময় প্রকাশন, সংঘ প্রকাশন, পাঠক সমাবেশ, বেঙ্গল পাবলিকেশন্স লি., দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মূর্ধন্য, নবযুগ প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, দি ইউসিভার্সেল একাডেমি, অক্ষর প্রকাশনী, বিজয় প্রকাশ।
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করে।