কলকাতার চিত্রশিল্পী ওয়াসিম কাপুর আর নেই
কলকাতার প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর আর নেই। আজ সোমবার সকালে কলকাতাস্থ নিজের বাসভবনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন প্রথিতযশা এ চিত্রশিল্পী। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৯৫১ সালের ৩ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে তাঁর জন্ম। উত্তর প্রদেশে তাঁর জন্ম হলেই তাঁর কর্মভূমি ছিল এই কলকাতা শহর। এই কলকাতায় তাঁর শিল্পীজীবনের শুরু এবং উত্থান। ইন্ডিয়ান কলেজ অব আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণি পেয়ে তিনি চিত্রশিল্পের সঙ্গে যুক্ত হয়ে যান।
এই বাম ঘরানার চিত্রশিল্পী তাঁর জীবনে দুর্দান্ত সব শিল্পকর্ম সৃষ্টি করেন। তাঁর সৃষ্টিতে ফুটে উঠেছে সত্যজিৎ রায়, জ্যোতি বসুসহ বিখ্যাত সব বাঙালি কিংবদন্তির চিত্রকর্ম। যদিও তিনি রাজ্যের সংখ্যালঘু কণ্ঠস্বর আরও দৃঢ় করতে প্রতিষ্ঠা করেছিলেন নতুন একটি সংগঠন ‘আওয়াজ’। তিনি ছিলেন সেই সংগঠনের সভাপতি।