কলকাতার চ্যাটার্জি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার প্রাণকেন্দ্রে ২২ তলাবিশিষ্ট চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ভবনে আজ মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ১০টার দিকে এ ভবনের ১৬ তলার ১২ নম্বর কক্ষ থেকে আগুনের সূত্রপাত।

তবে ওই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ধোঁয়ায় দুজন অসুস্থ হয়ে পড়েন। আটকা পড়েন সাতজন। তাঁদের উদ্ধার করা হয়। আর অসুস্থ লোকদের হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার বাহিনী সূত্রে জানা যায়, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। সঙ্গে সঙ্গে এই আগুন ছড়িয়ে পড়ে ১৭ তলায়। আগুনের ধোঁয়া পৌঁছে যায় ২২ তলা পর্যন্ত। পরে ফায়ার সার্ভিসের ১৭টি ইঞ্জিন তিন ঘণ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটিতে অন্তত ৪০টি নামী প্রতিষ্ঠানের অফিস আছে। অগ্নিকাণ্ডের পর বন্ধ করে দেওয়া হয় বিদ্যুতের সংযোগ। বন্ধ হয়ে পড়ে লিফট সার্ভিস।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, আপাতত চ্যাটার্জি ভবন বন্ধ থাকবে। বিদ্যুতের সংযোগ স্থাপনের পর এই ভবন খোলা হবে।