কলকাতার পাতালরেলের নিরাপত্তায় কমান্ডো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের কাছ থেকে কলকাতার মেট্রো বা পাতালরেলে হামলার হুমকি আগেই ছিল। সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পাতালরেলে আত্মঘাতী হামলার পর ভারতের পাতালরেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পাতালরেলের নিরাপত্তা জোরদার করতে গতকাল বুধবার থেকে নিয়োগ করা হয়েছে কমান্ডো বাহিনী।

মেট্রোরেলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রত্যুষ ঘোষ বলেছেন, বুধবার থেকে পাতালরেলের নিরাপত্তা জোরদার করার জন্য প্রথম পর্যায়ে ৩০ জন কমান্ডো মোতায়েন করা হয়েছে। এই কমান্ডোরা দুটি শিফটে দায়িত্ব পালন করবে। স্টেশনের পাশাপাশি প্রতিটি বগিতেও তারা নজরদারি চালাবে। প্রতিটি স্টেশনে রাখা হবে পাঁচজন করে কমান্ডো। প্রথম দিনে দমদম, কবি সুভাষ ও পার্কস্ট্রিট স্টেশনে মোতায়েন করা হয়েছে এই কমান্ডোদের।

কলকাতা মেট্রোরেল ভারতের প্রথম পাতালরেল। এখন এই পাতালরেলের পথ বেড়ে হয়েছে ২৭ দশমিক ২২ কিলোমিটার। গত ১৯৮৪ সালের ২৪ অক্টোবর বাণিজ্যিকভাবে কলকাতার এই পাতালরেলের যাত্রা শুরু হয়। এখন কলকাতায় স্টেশন আছে ২৪টি। প্রতিদিন কলকাতায় পাতালরেলে চলাচল করে গড়ে সাড়ে ছয় লাখ যাত্রী।