কলকাতার পাতালরেলের নিরাপত্তায় থাকবে কমান্ডো বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রেল, বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, শপিংমল, বাজার, ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এবার কলকাতার পাতালরেল বা মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের নিরাপত্তার জন্য গঠন করা হচ্ছে কমান্ডো বাহিনী। ইতিমধ্যে মেট্রোর সিকিউরিটি কমিশনারকে কমান্ডো বাহিনী গড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বাহিনী মেট্রোরেলের নিরাপত্তার সার্বিক দায়িত্বে থাকবে। বর্তমানে প্রতিদিন কলকাতার মেট্রোতে গড়ে ছয় লাখ যাত্রী যাতায়াত করে থাকে।
বর্তমানে যদিও মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মেট্রো রেলওয়ে পুলিশ বা এমআরপি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ। এই দুই ফোর্সের রয়েছে ৪৫০ জন সদস্য। রয়েছে বিভিন্ন স্টেশনে অনলাইন মনিটরিংয়ের জন্য ৬৬১টি সিসিটিভি। এ ছাড়াও আছে ব্যাগেজ স্ক্যানার মেশিন ও মেটাল ডিটেক্টর।