কলকাতার বইমেলায় বাংলাদেশ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন। ছবি: ভাস্কর মুখার্জি।
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন। ছবি: ভাস্কর মুখার্জি।

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলায় আগামীকাল শনিবার উদযাপিত হবে বাংলাদেশ দিবস। গত ৩০ জানুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মেলা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ দিবস উপলক্ষে বইমেলার এসবিআই মিলনায়তনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধ’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি। সভাপতিত্ব করবেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন খান। সেমিনারে স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মুনতাসীর মামুন। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন, কলকাতার বিশিষ্ট লেখক সমরেশ মজুমদার, ঢাকার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ। সেমিনারের পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের শিল্পী অদিতি মহসীন, প্রিয়াংকা গোপ, এ এস এম শফি মণ্ডল প্রমুখ।

এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৪২টি প্রকাশনা সংস্থা। ৩ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মিত হয়েছে ঢাকার আহসান মঞ্জিলের আদলে। ভারতের বিভিন্ন রাজ্যসহ এবার বিশ্বের ২৯টি দেশ বইমেলায় অংশ নিয়েছে। রয়েছে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কিউবা, পেরু, রাশিয়া, কলম্বিয়া, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা সহ অন্যান্য দেশ।

কলকাতা বইমেলা এবার ৪২ বছরে পা দিয়েছে। এবারের বইমেলার আসর বসেছে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। কলকাতা বইমেলা শুরু ১৯৭৬ সালে। এই মেলা এর আগে কলকাতা ময়দানে অনুষ্ঠিত হলেও ২০০৯ সালে তা পরিবর্তন করে সায়েন্স সিটির সামনে মিলনমেলা ময়দানে স্থানান্তর করা হয়। আর এবার সেই মিলনমেলা ময়দানে সংস্কারের কাজ চলায় বইমেলার স্থান সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।