কলকাতার মতো হবে গুয়াহাটি!

কলকাতার উপকণ্ঠে রাজারহাট-নিউটাউনের ধাঁচে গুয়াহাটিকে সাজিয়ে তুলতে চাইছে আসাম সরকার। এ জন্য কলকাতা ঘুরেও এসেছেন আসামের মুখ্যসচিব ভিকে পিপারসেনা। শহরের উপকণ্ঠে আধুনিক প্রযুক্তির সাহায্যে পরিকল্পনামাফিক পরিবেশবান্ধব শহর গড়তে পশ্চিমবঙ্গের সাহায্য নিতে চাইছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্যটি।
কলকাতার উপকণ্ঠে ২৮ বর্গকিমি এলাকা নিয়ে গড়ে উঠেছে স্যাটেলাইট সিটি রাজারহাট নিউটাউন। পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন কোম্পানি বা হিডকো। পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার এলাকা নিয়ে এই টাউনশিপ দ্রুতগতিতে টেক্কা দিতে চলেছে ভারতের অন্যান্য পরিকল্পিত শহরটিকে। এটি মনে ধরেছে বিজেপির শাসনাধীন আসাম সরকারের।
রাজ্যের মুখ্যসচিব ভিকে পিপারসেনা জানিয়েছেন, তিনি রাজারহাট-নিউটাউন ঘুরে এসেছেন। কথা হয়েছে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে। তাঁর কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পেয়েছেন।
আসামের মুখ্যসচিব সাংবাদিকদের বলেন, ‘গুয়াহাটি শহরের ওপর চাপ বাড়ছে। মানুষ বাড়ছে। তাই শহরের পরিবর্ধন জরুরি হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের রাজারহাট-নিউটাউনের প্রকৃতি বান্ধব হাউজিং মাথায় রেখেই ওখানকার মতো করে টাউনশিপ গুয়াহাটির উপকণ্ঠে গড়ে তোলা হবে।’
আসাম সরকার তাঁদের মতো টাউনশিপ করতে চাইছেন শুনে খুশি রাজারহাট নিউটাউনের বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘খুব ভালো খবর। আমরাও শুনেছি। সব রকম সাহায্য করতেও প্রস্তুত আমরা।’