কলকাতার মেয়রের ওপর নাখোশ কেন মমতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি।
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি।

কলকাতার মেয়র ও মেয়র-পত্নীর পারিবারিক লড়াইয়ে নাখোশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন দলীয় কর্মসূচিতে মেয়র এবং রাজ্যের দমকল ও আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে আর তেমন ডাকছেন না। এতে কলকাতাজুড়ে গতকাল শুক্রবার গুঞ্জন ওঠে, মেয়র ও মন্ত্রিত্বের পদ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। এমন গুঞ্জনও উঠেছে, আজ শনিবার কলকাতা পৌর করপোরেশনের বাজেট পেশের পরই তাঁকে অপসারণ করা হতে পারে।

মেয়রের ওপর নাখোশ হওয়ার প্রধান কারণ মেয়র ও মেয়র-পত্নীর পারিবারিক বিরোধ। এ ঘটনাকে সুনজরে নেননি মুখ্যমন্ত্রী মমতা। ছয় মাস আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবন সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী নিজে কাগজপত্রে সই করলেও এতে আমল দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা মেয়র শোভনের সঙ্গে কথা না বলে করপোরেশনের সচিব খলিল আহমদকে ফোন করেন। অবিলম্বে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কার করে দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া দল ও প্রশাসনের কাজে ইদানীং মেয়র শোভন সক্রিয় না থাকায় ক্ষুব্ধ ছিলেন মমতা।

কলকাতার বাংলা দৈনিক এই সময় আজ এক প্রতিবেদনে বলেছে, মেয়রের পদ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেছেন মমতা। ওই প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, তিনি আর মেয়রের মুখ দর্শন করতে চান না। বিশেষ করে গতকাল নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠকেও ডাক পাননি মেয়র। তা ছাড়া এদিন বিকেলে কলকাতার গার্ডেন রিচের ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিন রাতে মমতার বাসভবনে তৃণমূল নেতা ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসদের ডাকা হলেও ডাক পাননি শোভন চট্টোপাধ্যায়। এসব ঘটনার পর শোভন চট্টোপাধ্যায় সরানোর খবর হালে পানি পায়। তবে এর মূল কারণ শোভনের পারিবারিক বিবাদ ও মামলা। এতে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের দমকল ও আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম বিবাহবিচ্ছেদের মামলা দিয়েছিলেন গত বছরের ১৩ নভেম্বর। মেয়র এই মামলা করেন কলকাতার আলিপুরের দায়রা আদালতে। যদিও এই মামলার আগে মেয়র শোভন চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার পর্নশ্রী থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছিলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত বিবাহবিচ্ছেদের মামলাটি এখনো চলছে আলিপুরের দায়রা আদালতে। গত ২৭ ফেব্রুয়ারি বাড়িতে মালামালসহ অফিসের বিভিন্ন কাগজপত্র ফিরে পাওয়ার দাবিতে স্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন পর্নশ্রী থানায়। আবেদনে তিনি বলেছেন, তাঁর বেহালার বাড়িতে তাঁর প্রয়োজনীয় কাপড়চোপড়সহ বিভিন্ন কাগজপত্র এখনো রয়েছে। কিন্তু তা আনতে পারছেন না স্ত্রীর বাধায়। মেয়র বিবাহবিচ্ছেদ মামলা দায়েরের পর তিনি নিজের বেহালার বাসভবন ছেড়ে এখন গড়িয়াহাট এলাকার একটি আবাসনে উঠেছেন। এখন সেখানেই অবস্থান করছেন তিনি।

মেয়র শোভন চট্টোপাধ্যায় কলকাতার চাঞ্চল্যকর নারদ কেলেঙ্কারি মামলায় জড়িয়ে আছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে পাঁচ লাখ রুপি ঘুষ গ্রহণের অভিযোগ। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির নারদ নিউজ ডট কম নামের একটি নিউজ পোর্টাল স্টিং অপারেশনের পর ফাঁস করে ১৩ জন তৃণমূল নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, এক পুলিশ কর্মকর্তা এবং কলকাতা মেয়রের গোপনে অর্থ গ্রহণের ছবিসহ তথ্য। মেয়রের বিরুদ্ধে ছিল পাঁচ লাখ রুপি ঘুষ গ্রহণের অভিযোগ এবং ছবি।

এই ঘটনার পর মেয়রের স্ত্রী কলকাতার নিউমার্কেট থানায় ২০১৬ সালের জুন মাসে নারদ নিউজ পোর্টালের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করে দাবি করেন, ওই মামলার মাধ্যমে তাঁর স্বামীর সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তাঁর স্বামী নির্দোষ। তিনি এর বিচার চান। এরপরেই পুলিশ শুরু করে এই মামলার তদন্ত।

এদিকে এই নারদ কেলেঙ্কারি মামলার তদন্তভার এখন রয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং ইডির হাতে। এই মামলার তদন্তের স্বার্থে মেয়রকে ডাকা হয় সিবিআই ও ইডি দপ্তরে। শুধু মেয়র নন, ডাক পড়ে মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও। জানা গেছে, মেয়র শোভন চট্টোপাধ্যায় পারিবারিক হিংসা ও নিষ্ঠুরতার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। যদিও মেয়র শোভন দেব সিবিআই এবং ইডির জেরায় এর আগে জানিয়েছিলেন, তাঁর স্ত্রীই তাঁর হিসাবপত্র দেখেন।