কলকাতার সাত আসনে তীব্র লড়াই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে তৃতীয় দফায় কাল ৬২টি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে রাজ্যের রাজধানী কলকাতার ১২টির মধ্যে সাতটি আসন। এ পর্যন্ত দুই দফায় তিন পর্বে ১০৫টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখনো বাকি ১৮৯টি আসনের নির্বাচন। প্রথম দুই দফায় কলকাতার বাইরের বিভিন্ন জেলায় ভোট হয়েছে।
কাল কলকাতা ছাড়াও মুর্শিদাবাদের ২২, নদীয়ার ১৭ ও বর্ধমানের ১৬টি আসনে ভোট হবে। কলকাতার সাতটি আসন হচ্ছে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া আসন। বাকি পাঁচ আসনের নির্বাচন হবে ৩০ এপ্রিল।
কলকাতার সাত আসনে তীব্র লড়াই হবে বলে ধারণা বিশ্লেষকদের। অধিকাংশ ক্ষেত্রে লড়াই হবে ত্রিমুখী। বিশেষ করে বিজেপি এবার রাজধানীতে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই সাত আসনের মধ্যে বেশ কয়েকজন তারকা প্রার্থী রয়েছেন। আকর্ষণের কেন্দ্রে রয়েছে কলকাতার চৌরঙ্গী আসনটি। এখানে কংগ্রেস-বাম জোটের প্রার্থী হয়ে লড়ছেন কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি ও মন্ত্রী সোমেন মিত্র। তাঁর সঙ্গে জোর লড়াই হবে তৃণমূলের প্রার্থী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের। এই আসনে বিজেপির রীতেশ তেওয়ারিও শক্তিশালী প্রার্থী। এরপরে রয়েছে জোড়াসাঁকো আসন। এখানে তৃণমূলের বিধায়ক স্মিতা বকসী লড়ছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে। এখানে আরও রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী অবিনাশ কুমার আগরওয়াল। তিনি লড়ছেন বাম-কংগ্রেস জোটের সমর্থনে।
এন্টালি আসনে এবার লড়াই হচ্ছে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ও বামফ্রন্টের সাবেক মন্ত্রী দেবেশ দাসের সঙ্গে তৃণমূলের স্বর্ণকমল সাহার। শ্যামপুকুর আসনে লড়ছেন মমতার মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা, বাম-কংগ্রেস জোটের পিয়ালি পাল এবং বিজেপির সোম মন্ডল। বেলেঘাটায় তৃণমূলের বিধায়ক পরেশ পালের সঙ্গে বাম-কংগ্রেস জোটের রাজীব বিশ্বাস ভোটযুদ্ধে নেমেছেন। এখানে বিজেপির প্রার্থী পার্থ চৌধুরী।