কলকাতার ৭৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন সন্তুষ্ট করতে পারেনি এবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর এরই জেরে কলকাতা পুলিশের ৭৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে। গতকাল শুক্রবার এই ৭৯ পুলিশ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন পুলিশের দুজন ডেপুটি কমিশনারসহ উচ্চপর্যায়ের আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এই বদলিতে পুলিশের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে অবশ্য কলকাতা এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের দুজন পুলিশ কমিশনারকে নির্বাচনের পরই বদলি করে রাজ্য সরকার। নির্বাচনের আগে রাজ্য সরকার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয় রাজীব কুমারকে। কিন্তু নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে ওই পদে আনে সৌমেন মিত্রকে। এতে অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে জয়ী হয়ে আবার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনেন রাজীব কুমারকে। পাশাপাশি তিনি সরিয়ে দেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার জাভেদ শামীমকে। এবারের বিধানসভা নির্বাচনে এই জাভেদ শামীম এবং সৌমেন মিত্র কড়া হাতে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করতে সচেষ্ট ছিলেন।