কলকাতাসহ চার জেলায় ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সাতটি আসনসহ মুর্শিদাবাদ, নদীয়া ও বর্ধমান জেলার ৬২টি আসনে আজ বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

স্থানীয় সময় সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোট নেওয়া শুরু হয়। ইতিমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সরকারি দলের কর্মীরা বাম ও কংগ্রেসের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের শিরোপাড়ায় একটি ভোটকেন্দ্রের সামনে সিপিএমের এক পোলিং এজেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। সিপিএমের অভিযোগ, তাদের কর্মীকে তৃণমূলের সমর্থকেরা গুলি করে হত্যা করেছে।

বেশ কয়েকটি ভোটকেন্দ্র তৃণমূলের লোকজন দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ কলকাতার সাতটি আসনে ভোট নেওয়া হচ্ছে। কলকাতার বেলেঘাটার চারটি এবং বেলগাছিয়ার পাঁচটি ভোটকেন্দ্রে বাম এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বেলগাছিয়ায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। হরিহরপাড়া, কেতুগ্রাম ও গয়েশপুর থেকেও অনিয়মের অভিযোগ এসেছে। হরিহরপাড়ায় কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে।

ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিরুৎসাহ করতে গতকাল বুধবার রাতভর নদীয়ার কয়েকটি স্থানে বোমা ফাটানো হয়েছে। তবে ওই সব এলাকার ভোটাররা ভয়ভীতি উপেক্ষা করে আজ ভোট দিচ্ছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দফায় তিন পর্বে ১০৫টি আসনের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ ৬২টি আসনে ভোট হচ্ছে। বাকি থাকছে ১২৭টি আসন।

আজ কলকাতার ১২টির মধ্যে সাতটি আসনে নির্বাচন হচ্ছে। এ ছাড়া মুর্শিদাবাদের ২২টি, নদীয়ার ১৭টি ও বর্ধমানের ১৬টি আসনে আজ ভোট হচ্ছে।

৬২টি আসনের নির্বাচনে প্রার্থী সংখ্যা ৪১৮। ভোটার ১ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৫৯৫ জন। ১৬ হাজার ৪৬২টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচন শান্তিপূর্ণ করতে ৭১ হাজার কেন্দ্রীয় বাহিনী ও ২৫ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ১ হাজার ৫৩১টি বুথে স্থাপন করা হয়েছে সিসিটিভি।

আজ কলকাতার চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া আসনে ভোট হচ্ছে। আসনগুলোতে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অধিকাংশ আসনে লড়াই হবে ত্রিমুখী। আজকের নির্বাচনে বেশ কজন তারকা প্রার্থী রয়েছেন।

কলকাতার সাত আসনের মধ্যে আকর্ষণের কেন্দ্রে রয়েছে চৌরঙ্গী। এখানে কংগ্রেস-বামজোটের প্রার্থী হয়ে লড়ছেন কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি, মন্ত্রী ও বিধায়ক সোমেন মিত্র। তাঁর সঙ্গে জোর লড়াই হচ্ছে তৃণমূলের প্রার্থী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও বিশিষ্ট অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের। এই আসনে বিজেপিরও শক্তিশালী প্রার্থী রয়েছে। তিনি রীতেশ তেওয়ারি।

জোড়াসাঁকো আসনে তৃণমূলের বিধায়ক স্মিতা বকসী লড়ছেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি রাহুল সিনহার সঙ্গে। এখানে আরও রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী অবিনাশ কুমার আগরওয়াল। তিনি লড়ছেন বাম-কংগ্রেস জোটের সমর্থনে।

এন্টালি আসনে লড়াই হচ্ছে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ও সাবেক বামফ্রন্ট মন্ত্রী দেবেশ দাসের সঙ্গে তৃণমূলের স্বর্ণকমল সাহার।

শ্যামপুকুর আসনে লড়াই হচ্ছে মমতার মন্ত্রিসভার সদস্য শশী পাঁজার সঙ্গে বাম-কংগ্রেস জোটের পিয়ালি পাল ও বিজেপির সোম মণ্ডলের।

বেলেঘাটায় লড়াই হচ্ছে তৃণমূলের বিধায়ক পরেশ পালের সঙ্গে বাম-কংগ্রেস জোটের রাজীব বিশ্বাসের। এখানে বিজেপির প্রার্থী পার্থ চৌধুরী।

কাশীপুর-বেলেঘাটা আসনে মূল লড়াই হচ্ছে তৃণমূলের মালা সাহার সঙ্গে বাম-কংগ্রেস জোটের কনীনিকা ঘোষ ও বিজেপির আদিত্য ট্যান্ডনের।

মানিকতলা আসনে লড়াই হচ্ছে তৃণমূলের মন্ত্রী সাধন পান্ডের সঙ্গে বাম-কংগ্রেস জোটের প্রার্থী রাজীব মজুমদারের। এখানে বিজেপির প্রার্থী সুনীল রায়।