কলকাতায় ঈদের প্রধান জামাত রেড রোডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার রেড রোডে চলছে ঈদের জামাত। আজ সকালে তোলা ছবি। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার রেড রোডে চলছে ঈদের জামাত। আজ সকালে তোলা ছবি। ছবি: ভাস্কর মুখার্জি

মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গজুড়ে। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন মসজিদ আর ঈদগা ময়দানে। নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন। 

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র কোরবানিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

ঈদের জামাতে চোখে সুরমা দিয়ে দিচ্ছেন এক মুসল্লি। ছবি: ভাস্কর মুখার্জি
ঈদের জামাতে চোখে সুরমা দিয়ে দিচ্ছেন এক মুসল্লি। ছবি: ভাস্কর মুখার্জি

আজ সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন। রেড রোড ছাড়াও কলকাতার পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়া বুরুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন জামাতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাতও করা হয়। রাজ্যের মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।