কলকাতায় উপহাইকমিশনে স্বাধীনতা দিবস উদ্যাপন

কলকাতায় বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে। আজ সোমবার সকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
এরপর বাংলাদেশ সময় সকাল আটটায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে পরিবেশিত শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন কলকাতা উপহাইকমিশনে কর্মরত উপহাইকমিশনের কর্মকর্তাসহ কর্মচারী এবং সেই সঙ্গে কলকাতার বিশিষ্টজনেরাও। এরপর মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের বিদ্বজ্জনেরা। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং কলকাতার বিভিন্ন বিদেশি দূতাবাসের কূটনীতিকেরা যোগ দেন।
এ ছাড়া কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশ বিদেশ চর্চাকেন্দ্র’ আজ সোমবার থেকে দুই দিনব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবারের বিষয় ছিল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফিরে দেখা’।