কলকাতায় উড়ালসড়ক ভেঙে নিহত ১৮, বহু আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ভেঙে পড়া উড়ালসড়কের একাংশ। ছবি: রয়টার্স
কলকাতায় ভেঙে পড়া উড়ালসড়কের একাংশ। ছবি: রয়টার্স

পশ্চিমবঙ্গের কলকাতায় গিরীশ পার্কের কাছে আজ বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন উড়ালসড়কের একাংশ ভেঙে পড়ে কমপক্ষে ২১ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ আটকা পড়ে আছেন বলে এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে।
রাজ্যসরকার এটিকে স্মরণকালের ভয়াবহত দুর্ঘটনা বলে অভিহিত করেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করতে সেনাবাহিনীর ৪০০ সদস্যকে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাস্থলে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই দুর্ঘটনায় অনেক বড় ক্ষতি হয়ে গেল । এই অপরাধের কঠিন শাস্তি দেওয়া হবে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স

এ ঘটনার পর বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এ সংক্রান্ত যে কোনো বিষয় জানতে ও জানাতে ১০৭০, ০৩৩-২২১৪-৩৫২৬, ০৩৩-২২৫৩-৫১৮৫ ও ০৩৩-২২১৪-৫৬৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
শুরুতে ধাতব পদার্থ ও সিমেন্টের কাঠামোর ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া ব্যক্তিদের কোনো সরঞ্জাম ছাড়াই উদ্ধারের চেষ্টা শুরু করে স্থানীয় বাসিন্দারা। অনেকে আটকে পড়া ব্যক্তিদের কাছে পানির বোতল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ ক্যামেরা দিয়ে আটকে পড়াদের শনাক্ত করে ড্রিল মেশিন দিয়ে লোহার রড কেটে উদ্ধার করার চেষ্টা করছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা রায়চন্দ মেহতা বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। ধ্বংসস্তূপে কতজন আটকা পড়েছে, এ ব্যাপারে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা কঠিন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ছবি: রয়টার্স

প্যারামেডিকরাও উড়ালসড়ক ভেঙে পড়ার ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস ও গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারের জন্য ভারী জিনিস তোলার ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি দরকার। এলাকাটি জনবহুল হওয়ায় উদ্ধারকাজ চালানোও কঠিন হয়ে পড়েছে।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় বার্তা সংস্থা এনডিটিভিকে বলেন, আবাসিক এলাকায় খুবই অপরিকল্পিতভাবে এ রকম একটি উড়ালসড়ক নির্মাণের কাজ চলছিল। এটি পুরোপুরি রাজ্য সরকারের ব্যর্থতা।
স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘দুপুরে বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। একটু পরেই দেখা যায়, ঘটনাস্থল ধোঁয়ায় ঢেকে গেছে।’ তিনি বলেন, এ সময় যাত্রীবাহী অনেক যানবাহন উড়ালসড়কের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে গেছে।
২০০৯ সাল থেকে উড়ালসড়কটিতে নির্মাণকাজ চলছে। ভারতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া প্রায়ই দীর্ঘ সময় ধরে এ রকম নির্মাণকাজ চলে বলে অভিযোগ রয়েছে।