কলকাতায় করোনাভাইরাস নেই: স্বাস্থ্য দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। ছবি: রয়টার্স
চীনসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। ছবি: রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর বলছে, কলকাতায় করোনভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য দপ্তর বলছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত বুধবার পর্যন্ত ৪৫ জন রোগীকে হাসপাতাল এবং বাড়িতে নজরদারিতে রাখা হয়। এর মধ্যে সন্দেহভাজন ৯ রোগীর গলা থেকে নিঃসৃত লালা (থ্রোট সোয়াব) সংগ্রহ করে মহারাষ্ট্র রাজ্যের পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালের নাইসেড গবেষণাগারে পাঠানো হয়। সেখান থেকে গতকাল সর্বশেষ প্রতিবেদন পাওয়ার পর জানা যায়, কোনো রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই। সব রিপোর্টই নেগেটিভ এসেছে। এরপরেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ছেড়ে দেওয়া হয়। তাদের সাবধানে থাকতে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১২ হাজার ৩৭২ জন যাত্রীকে বিমান, স্থল ও জলপথে পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নেপাল এবং বাংলাদেশ সীমান্তের ছয়টি জায়গায়ও নজরদারি চালানো হচ্ছে। নজরদারি চালানো হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরেও।

দুই থেকে তিন সপ্তাহ ধরে করোনাভাইরাস নিয়ে আতঙ্কে ছিল কলকাতাবাসী। মানুষের সর্দিকাশি এবং জ্বর হলেই এই আতঙ্ক বেড়ে যেত। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এবং কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরও করোনাভাইরাস রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি হাসপাতালে নজরদারি বাড়ানো হয়। সীমান্ত এলাকা দিয়ে যারা আসছে, তাদের ওপরও নজরদারি করা হয়। কলকাতার পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে হেল্প ডেস্ক খোলা হয়।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল-বেনাপোল সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে মেডিকেল টিম নিয়োগ করা হয়েছে। হেল্প ডেস্ক খোলা হয়েছে। প্রত্যেক যাত্রীকেই মাস্ক পরে সীমান্ত পার করানো হচ্ছে।