কলকাতায় গণধর্ষণের শিকার এক রেলকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে গণধর্ষণের শিকার হলেন রেলের এক কর্মী। রেলেরই চার কর্মী তাঁকে ধর্ষণ করে। ওই নারী বিষয়টি কলকাতার একটি টিভি চ্যানেলকে জানান। এ নিয়ে কলকাতায় এখন তোলপাড় চলছে।


কলকাতা শহরের চিত্পুর এলাকার রেলইয়ার্ডে রেলের কর্মী হিসেবে নিয়োজিত ওই নারী। তাঁর স্বামী ২০১০ সালে ট্রেন দুর্ঘটনায় নিহত হলে তাঁকে কর্তৃপক্ষ রেলে চাকরি দেয়।


ওই নারীর অভিযোগ, চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই চার রেলকর্মী গজেন্দ্র, জিত্, রাজু ও মনোজের মাধ্যমে তিনি ধর্ষণের শিকার হন। মোবাইলে তারা এর ছবিও তুলে রাখে। হুমকি দেয়, ধর্ষণের কথা জানালে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।


এই নারী আরও জানান, বাধ্য হয়ে তিনি বিষয়টি চেপে যান। এর মধ্যে তিনি বিয়ে করেন। বিয়ের পরও তিনি ওই চার রেলকর্মীর মাধ্যমে ধর্ষণের শিকার হন। বিষয়টি তিনি স্বামীকে জানান। স্বামীসহ তিনি রেল পুলিশ থানা, এমনকি দমদম থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। বিষয়টি তিনি একটি সংবাদমাধ্যমকে জানান।


আজ শনিবার খবরটি প্রকাশিত হলে কলকাতায় তোলপাড় শুরু হয়। বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চার রেলকর্মীকে শাস্তি দেওয়ার দাবি জানায়।

পশ্চিমবঙ্গের নারী ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।