কলকাতায় গ্রেপ্তার বিজেপির তিন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে বিজেপির তিন সাংসদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসিরহাটে জারি থাকা ১৪৪ ধারা ভঙ্গের কারণে আজ শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। অবশ্য সেখানকার পরিস্থিতি শান্ত হচ্ছে। আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বসিরহাট, বাদুরিয়া এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। গতকাল শুক্রবার দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে বসিরহাটে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বসিরহাটে শান্তির বার্তা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গতকাল শুক্রবার সকালে বসিরহাটের দিকে রওনা হলে পুলিশ তাঁদের রাস্তায় আটকায়। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলে জানায় পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, বসিরহাটের পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতারা যেন বসিরহাটে না যান। শনিবার সকালে বিজেপির তিন কেন্দ্রীয় প্রতিনিধি সাংসদ মীনাক্ষী লেখি, সত্যপাল সিং ও সাংসদ ওম মাথুর সেখানে যেতে চাইলে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের নেতৃত্বে বামফ্রন্টের একদল প্রতিনিধি বসিরহাটে শান্তির বার্তা দিতে রওনা হলে অশোকনগর ও দেগঙ্গায় তাঁদের আটকে দেয়। এতে ফিরে আসতে বাধ্য হন তাঁরা। অন্যদিকে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদলও বসিরহাটের দিকে রওনা হলে তাঁদের আটকে দেয় পুলিশ। বিজেপি নেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একইভাবে বিজেপির একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার বসিরহাটের দিকে রওনা হলে বিরাটির কাছে মাইকেল নগরে আটকে দেয় পুলিশ ওই প্রতিনিধিদলকে। এখানে প্রতিনিধিদলের সদস্য ও বিজেপি সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়সহ ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।