কলকাতায় জমজমাট ঈদের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় রোজা ও ঈদ
কলকাতায় রোজা ও ঈদ

বাংলাদেশের মতো কলকাতায়ও জমে উঠেছে ঈদের বাজার। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ঈদকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা।
ধর্মতলা থেকে গড়িয়াহাট, শিয়ালদহ থেকে রাজাবাজার কিংবা বেলগাছিয়া-পার্ক সার্কাস থেকে এন্টালি-খিদিরপুর—সর্বত্রই এক চেহারা, জমজমাট ঈদের বাজার।
কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট ও আশপাশের বাজারে নির্বিঘ্নে হাঁটার জো নেই। সর্বত্রই গিজগিজ করছে মানুষ। সবাই ব্যস্ত ঈদের নতুন পোশাক আর বাহারি প্রসাধনী কিনতে।
ঈদ সামনে রেখে বিভিন্ন কোম্পানি বাজারে ছেড়েছে হরেক পণ্য। বাজার ধরতে পণ্যে নানা ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে নামীদামি কোম্পানিগুলো।


ঈদের কেনাকাটার ভিড় শুধু মুসলিম-অধ্যুষিত এলাকাতেই নয়, কলকাতার অন্যত্রও প্রায় একই চিত্র। কেউ কেউ পার্ক স্ট্রিট, রাজাবাজার, চিত্পুর, মেটিয়া ব্রুজ, খিদিরপুর, বেলগাছিয়া, ধর্মতলার বাজারের ভিড় এড়িয়ে হাজির হচ্ছেন গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিং মলে।

যেসব পরিবার দরদাম করতে চাইছে না, তারা সরাসরি ঢুকে পড়ছেন বিভিন্ন শপিং মলে। ঈদ সামনে রেখে ক্রেতা টানতে শপিং মলগুলো সেজে উঠেছে। নানা রঙের আলোর ঝলকানিতে চোখেমুখে ধাঁধা লাগে।

কলকাতার সর্বত্রই এখন ঈদের আমেজ। পার্ক সার্কাস, মল্লিক বাজার, খিদিরপুর, রাজাবাজার, বেলগাছিয়া প্রভৃতি মুসলিম-অধ্যুষিত এলাকায় তোরণে ‘ঈদ মোবারক’ ব্যানার টানানো হয়েছে।

নিউ টাউন, কৈখালী ও রাজারহাটের সড়কে সড়কে ঈদকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। ঈদের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান।

কলকাতার নামী ও ঐতিহ্যবাহী চিত্পুরের জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ চত্বর ঘিরে ঈদের বাজার এখন তুঙ্গে। মসজিদের আশপাশে টুপি-আতর ও নানা ধরনের সেমাইয়ের দোকান। অনতিদূরে কাপড়চোপড়ের দোকান। সর্বত্রই লেগে আছে ভিড়। একই চেহারা কলকাতার টিপু সুলতান মসজিদ চত্বরেও।

নাখোদা মসজিদ চত্বরের টুপি বিক্রেতা জসিম মিয়া বললেন, মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। তবে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মানুষ একটু হতাশ।

কলকাতায় মূলত রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়া ব্রুজ, খিদিরপুর, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার, বেলগাছিয়া, নিউ মার্কেট, চিত্পুর, টালিগঞ্জ, এন্টালি, আনোয়ার শাহ রোড এসব এলাকা ঘিরে মুসলিম সম্প্রদায়ের বাস। ধনী-গরিব সবাই যে যার সাধ্যমতো ঈদের কেনাকাটা করছে।

মল্লিক বাজারের ব্যবসায়ী আ. আজিজ বলেন, তৈরি পোশাকের সঙ্গে নানা প্রসাধনসামগ্রী ও অলংকার বেশ বিক্রি হচ্ছে।

ঈদের কেনাকাটায় পণ্যে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন কোম্পানি। শপিং মলগুলো বিজ্ঞাপন দিয়ে ঘোষণা করেছে, পণ্যে ছাড় দেওয়ার পাশাপাশি থাকছে আকর্ষণীয় সব উপহার। এ নিয়ে সংবাদমাধ্যমেও চলছে মাতামাতি। ধর্ম-বর্ণ, ধনী-গরিবের ভেদাভেদ ভুলে ঈদ উদযাপনে প্রস্তুত কলকাতা।