কলকাতায় ধর্ষণের ঘটনায় তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনায় তিন আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কলকাতার নগর ও দায়রা জজ আদালতের বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য আজ শুক্রবার এই রায় দেন। একই আদালত গতকাল বৃহস্পতিবার ওই তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন।

দণ্ড পাওয়া তিনজন হলেন রুমান খান, নাসের খান ও সুমিত বাজাজ। তবে মূল আসামি কাদের খান এবং তাঁর সহকারী মহম্মদ আলী এখনো পলাতক। তিন বছর ১০ মাস ধরে এই মামলার বিচারকাজ চলেছে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি রাতে পার্ক স্ট্রিটে ধর্ষণের শিকার হন সুজেট জর্ডন নামের এক তরুণী। ঘটনার দিন রাতে সুজেট পার্ক স্ট্রিটের একটি নৈশ ক্লাব থেকে বের হলে তাঁকে বাড়ির দিকে এগিয়ে দেওয়ার নাম করে গাড়িতে তোলেন কয়েকজন যুবক। এরপর অভিযুক্ত ব্যক্তিরা সুজেটকে গাড়িতে ধর্ষণ করে রাস্তায় ফেলে চলে যান। ঘটনার পর সুজেট পাঁচজনের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় মামলা করেন।
এই ঘটনাকে ঘিরে তোলপাড় হয় পশ্চিমবঙ্গের রাজনীতিও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন। তৎকালীন কলকাতার গোয়েন্দা পুলিশপ্রধান দময়অন্তী সেনও মন্তব্য করেন ‘কিছু একটা হয়েছে।’ এরপরই গ্রেপ্তার করা হয় তিনজনকে। তদন্ত কিছুদিন চলার পর দময়অন্তী সেনকে বদলি করা হয়। ২০১২ সালে ১০ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৩ সালে অভিযুক্ত তিনজন সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেও সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন।