
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ভোটের ফলের চেহারা যে এমন হবে, কোনো সংবাদমাধ্যম এত দিন তার ইঙ্গিত দেয়নি। বুথফেরত সমীক্ষার ফলেও এ চিত্র উঠে আসেনি যে কলকাতায় বাম-কংগ্রেস জোট একটি আসনও পাবে না।
সবার ধারণা ছিল এবার কলকাতার ১১টি আসনের মধ্যে পাঁচ থেকে ছয়টিতে তৃণমূলকে যথেষ্ট বেগ দেবেন বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা। কিন্তু কলকাতার ১১টি আসনেই হেরে গেছে বাম-কংগ্রেস জোট।
সারদা অর্থ কেলেঙ্কারি, নারদ কেলেঙ্কারিতে টেলিভিশনে তৃণমূল নেতাদের অর্থ গ্রহণের ছবি প্রচারের পর সংবাদমাধ্যম বলেছিল, এ দুই কেলেঙ্কারি কলকাতার মানুষকে দারুণ ধাক্কা দিয়েছে। এর জেরে তৃণমূল অন্তত কলকাতায় তার দৃঢ় অবস্থান হারাবে। কিন্তু ফলাফলে মনে হচ্ছে, মমতা সরকারের বিরুদ্ধে নারদ বা সারদা অর্থ কেলেঙ্কারি কিংবা অন্য সব অভিযোগ সে রকম প্রভাব ফেলতে পারেনি কলকাতার মানুষের মনে।
কলকাতার চৌরঙ্গী আসনে সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, এন্টালি আসনে অধ্যাপক দেবেশ দাস, বালিগঞ্জ আসনে কৃষ্ণা দেবনাথ, কলকাতা বন্দর আসনে রাকেশ সিং হেরে গেছেন। জয়ের সম্ভাবনা থাকলেও জোড়াসাঁকো আসনে হেরেছেন বিজেপির প্রার্থী রাহুল সিনহা। কলকাতার ১১ আসনে তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হারিয়েছেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর স্ত্রী দীপা দাশমুন্সীকে। কলকাতা বন্দর আসনে মন্ত্রী ফিরহাদ হাকিম, রাসবিহারিতে শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জে মন্ত্রী সুব্রত মুখার্জি, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, এন্টালিতে স্বর্ণকমল সাহা, বেলেঘাটায় পরেশ পাল, জোড়াসাঁকোয় স্মিতা বকসী, শ্যামপুকুরে মন্ত্রী শশী পাঁজা, মানিকতলায় মন্ত্রী সাধন পান্ডে এবং কাশীপুর-বেলগাছিয়ায় মালা সাহা—সবাই জয় পেয়েছেন। তবে কলকাতার পার্শ্ববর্তী যাদবপুর আসনে দলের মুখ রেখেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।