কলকাতায় নববর্ষ বই উৎসব উদ্বোধন

কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্কয়ারে গতকাল মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে নববর্ষ বই উৎসব। নয় দিনের এই উৎসবের আয়োজক কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। কলকাতার ঐতিহ্যবাহী বইমেলারও আয়োজন করে বুক সেলার্স গিল্ড।
বিকেলে এই বই উৎসবের উদ্বোধনের প্রাক্কালে বের হয় এক বর্ণাঢ্য মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বের হওয়া মিছিলে ছিল ঘোড়ার গাড়ি, ভিনটেজ কারসহ ঝুমুর, রণপা ও নারী ঢাকির দল। অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাতে তাদের ছিল বেলুন।
বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সভাপতিত্ব করেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু দে।
উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিয়েছে ৭২টি প্রকাশনা সংস্থা। স্টল হয়েছে ৮০টি। রয়েছে বাংলাদেশের প্রকাশকদের স্টলও।
উৎসব চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। থাকবে উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বই ক্রেতাদের ২০ শতাংশ হারে কমিশন দেওয়ার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।