কলকাতায় নিরাপত্তা জোরদার
ঢাকা ও কিশোরগঞ্জের শোলাকিয়া এবং ফ্রান্সে জঙ্গি হামলার পর নড়েচড়ে বসেছে কলকাতার পুলিশ। কলকাতাস্থ বিদেশি দূতাবাস, ৩২টি রেল স্টেশনসহ শহরের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতাস্থ ফ্রান্স, রাশিয়া, ইতালি, জার্মান ও জাপান দূতাবাসের কর্মকর্তারা গতকাল শুক্রবার লালবাজারে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার গিয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন। সেখানে দূতাবাসের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় নিরাপত্তার প্রশ্নে বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবও দেওয়া হয়। রাজীব কুমার জানান, কলকাতা পুলিশ ইতিমধ্যে বিদেশি দূতাবাসের নিরাপত্তা বাড়িয়েছে।
এর পর মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পুলিশ কমিশনার রাজীব কুমার। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে কলকাতার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৩২টি রেল স্টেশনে কড়া নজরদারি
বরাবরই জঙ্গিদের লক্ষ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন। এর মধ্যে স্পর্শকাতর রেল স্টেশন হলো ৩২টি । এই সব রেলস্টেশনে যেকোনো সময় জঙ্গিরা হামলা করতে পারে। তাই কলকাতাস্থ পূর্ব ও দক্ষিণ রেলের রেলওয়ে পুলিশ ফোর্সের (আরপিএফ) দুই আইজি বিনোদ কুমার (পূর্ব) এবং এস কে সিনহা (দক্ষিণ-পূর্ব) গতকাল এক সংবাদ সম্মেলন করেন। জানান, পশ্চিমবঙ্গের ৩২টি স্পর্শকাতর রেল স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন ছাড়া অন্যান্য স্টেশনের মধ্যে রয়েছে দমদম, বালিগঞ্জ, বিধাননগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মালদহ, মুর্শিদাবাদ, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া । এ ছাড়া মাওবাদী এলাকার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, শালবনি, মনোহরপুর, সরডিহা, ভদুতলা, গইলকেরা ইত্যাদি স্টেশন। এসব স্টেশনে বসানো হচ্ছে সিসিটিভি। কলকাতা মেট্রো বা পাতাল রেলের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সেখানে নিয়োগ করা হচ্ছে কমান্ডো বাহিনী।