কলকাতায় পার্থ অপহরণ মামলায় ১৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় জুতা তৈরির প্রতিষ্ঠান খাদিমের কর্ণধার পার্থ রায় বর্মণকে অপহরণের মামলায় আটজন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর আগে এই মামলার প্রথম পর্যায়ের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় আরও পাঁচ আসামিকে।

গতকাল সোমবার বিকেলে আলিপুরের কেন্দ্রীয় কারাগারে ভেতর গঠিত বিশেষ আদালতে এই মামলার শুনানি শেষে রায় ঘোষণা করেন দায়রা বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়।

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আট আসামি হলেন আরশাদ খান, দিলশাদ, তারিক মুহম্মদ নঈম, আখতার হোসেন, মোজাম্মেল শেখ, শাহবাজ, মিজানুর রহমান ও জালাল মোল্লা। এঁদের মধ্যে দিলশাদ, আরশাদ ও নঈম পাকিস্তানের নাগরিক। এই তিনজন তাঁদের পুশব্যাক করে পাকিস্তানে পাঠিয়ে দিতে আদালতের কাছে আবেদন করেছেন।

মামলার প্রথম পর্যায়ের বিচারে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া পাঁচ আসামি হলেন আফতাব আনসারি, হ্যাপি সিং, আকিব আলী, আসাবউদ্দিন ও রহমান কুঞ্জি। এঁদের মধ্যে হ্যাপি সিং কারাগারেই দুর্বৃত্তের হাতে নিহত হন।

পার্থ রায় বর্মণকে তারঁ তিনজলা এলাকার কারখানায় যাওয়ার পথে ২০০১ সালের ২৫ জুলাই অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাঁকে বনগাঁ সীমান্তের কাছে একটি বাড়িতে রেখে ২০ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়। পার্থ রায় বর্মণের পরিবার ৩ কোটি ৭৫ লাখ রুপি মুক্তিপণ দিলে ওই বছরের ৩ আগস্ট তিনি দুর্বৃত্তদের হাত থেকে ছাড়া পান।

ঘটনা তদন্তে নেমে এর সঙ্গে আন্তর্জাতিক চক্রের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পরে এই মামলার তদন্ত করে সিআইডি। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই থেকে সিআইডিকে জানানো হয়, এই অপহরণকাণ্ডের হোতা জঙ্গি আফতাব আনসারি। দুবাই থেকে তিনি এই ঘটনা ঘটিয়ে মুক্তিপণ দাবি করেন। এফবিআই আফতাবের ফোনালাপের রেকর্ড করে সিআইডিকে পাঠায়। পরে গ্রেপ্তার হয় আফতাব আনসারি। আদালতে আফতাবসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় সাক্ষ্য দেন ৬৮ জন।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নবকুমার ঘোষ বলেন, যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি আসামিদের ৩ লাখ রুপি করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।