কলকাতায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঞ্জাবের দুই ‘গ্যাংস্টার’ নিহত
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রকাশ্যেকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। পাঞ্জাবের ‘গ্যাংস্টার’ হিসেবে পরিচিত জয়পাল সিং ভুল্লা ও জশপ্রীত যশসীর বিরুদ্ধে ভারতের পাঁচ রাজ্যে হত্যাসহ বিভিন্ন অপরাধে অন্তত ৪০টি মামলা রয়েছে।
তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য ৫ লাখ করে মোট ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল পাঞ্জাব পুলিশ।
আজ বুধবার বিকেলে কলকাতার নিউ টাউনের শাপুরজি আবাসনে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তাঁরা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৫ মে এই সন্ত্রাসীরা পাঞ্জাবের লুধিয়ানায় দুই পুলিশ সদস্যকে খুন করে পালিয়ে কলকাতায় আসেন। ২২ মে তাঁরা কলকাতার নিউ টাউনের শাপুরজি আবাসনে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তাঁদের ছিল অবৈধ অস্ত্রের কারবার।
সম্প্রতি বীরভূমের সিউরিতে আগ্নেয়াস্ত্র বোঝাই একটি ট্রাক আটক করে পুলিশ। সেখানে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তাঁদের নাম উঠে আসে। তাঁদের বিরুদ্ধে পাঞ্জাবে চার পুলিশকে হত্যারও অভিযোগ রয়েছে। পাঞ্জাব পুলিশও এই দুই দুষ্কৃতকারীর নানা তথ্য পাঠায় কলকাতা পুলিশের এসটিএফের কাছে।
পাঞ্জাব পুলিশও কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফকে ওই দুষ্কৃতদের নানা তথ্য দিলে এসটিএফ তাদের ওপর নজর রাখতে শুরু করে। পুলিশ নিশ্চিত হয়ে জানতে পারে, তাঁরা ওই আবাসনে আজ দুপুরে অবস্থান করছেন।
এরপর বেলা সাড়ে তিনটার দিকে কলকাতা পুলিশের এসটিএফের একটি দল উপস্থিত হয় সাপুরজি আবাসনে। পুলিশ আবাসনের পাঁচতলায় তল্লাশি করতে গেলে গুলি চালানো শুরু করে সন্ত্রাসীরা। শুরু হয় গোলাগুলি। লড়াইয়ে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন দুই সন্ত্রাসী। জখম হয়েছেন এসটিএফের পরিদর্শক কার্তিক মোহন ঘোষ। তাঁকে নিউ টাউনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গোটা সাপুরজি আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।