কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে (পার্ক সার্কাস অ্যাভিনিউ) অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে হামলার হুমকি দিয়েছে একটি গোষ্ঠী। হুমকিতে তারা বলেছে, বাংলাদেশ থেকে ২০ জন জিহাদি হিলি সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তারাই এ হামলা চালাবে। 


আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ প্রথম আলোকে বলেছেন, গত বুধবার হুগলির পান্ডুয়ার একটি সংগঠনের নামে ডাক মারফত এ হুমকি দেওয়া চিঠিটি আসে। টাইপ করা চিঠিতে এ হুমকি দেওয়া হয়। বলা হয়, এ হামলা করার জন্য জিহাদিদের একটি দল বাংলাদেশ থেকে এখানে এসে হামলা চালাবে।

উপহাইকমিশনার বলেছেন, এই হুমকির চিঠি পাওয়ার পর উপহাইকমিশন থেকে বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কলকাতায় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। জানানো হয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকেও।

চিঠি পাওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশ উপহাইকমিশনের নিরাপত্তা জোরদার করেছে। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।