কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে ৭ মার্চ পালিত

পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে আজ বুধবার উপহাইকমিশনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজকের সভায় মূল বক্তব্য দেন ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আকাশবাণীর সংবাদ পরিক্রমার পরিচালক উপেন তরফদার। শুরুতে দিনটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এদিনের আলোচনায় অংশ নিয়ে সেই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর মিয়া মো. মাইনুল কবীর, বাণিজ্যসচিব মো. সাইফুল ইসলাম, প্রেস সচিব মোফাকখারুল ইকবাল ও দ্বিতীয় সচিব মৌসুমী ওয়াইস।
১৯৭১ সালের ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। কালজয়ী সেই ভাষণে বজ্রকণ্ঠে তিনি ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ গত বছরের ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকে।