কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি বছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা। আগামী ৫ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বইমেলাটি চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মো. সাইফুল ইসলাম আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, এই বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।
এই বইমেলায় বাংলাদেশের ৪৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলার আয়োজক কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।