কলকাতায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সাইকেল দল

ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর একটি সাইকেল অভিযাত্রী দল আজ সোমবার কলকাতায় পৌঁছেছে। আজ বেলা ১১টার দিকে কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে দলটি এসে পৌঁছায়। গত ২২ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার লিচুবাগান থেকে শুরু হয়েছিল এই সাইকেল অভিযাত্রা। এই দলে ১৫ জন করে দুই দেশের ৩০ জন সেনাসদস্য রয়েছেন।
এই সাইকেল অভিযাত্রীরা দীর্ঘ ৫৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইকেলে করে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছায়। আজ সকালে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডে সাইকেল অভিযাত্রীদের দলকে অভ্যর্থনা জানান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পারভিন বকসী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এম ডি নইম আশফাক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল শংকর রায় চৌধুরী এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ডি মহসিনসহ সেনা কর্মকর্তারা।