কলকাতায় বাংলাভাষার জন্য 'সত্যাগ্রহ'
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবার ভারতের সর্বত্র বাংলাভাষা চালুর দাবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সত্যাগ্রহ আন্দোলন। কলকাতার কলেজ স্কয়ারে গত বৃহস্পতিবার থেকে চলছে এই সত্যাগ্রহ আন্দোলন। সর্বভারতীয় বাংলাভাষা মঞ্চ এবং ঐকতান গবেষণাপত্র যৌথভাবে এই আন্দোলন শুরু করেছে ।
কলেজ স্কয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে শুরু হয়েছে এই সত্যাগ্রহ আন্দোলন। আজ শনিবার আন্দোলনের শেষ দিন। সর্বভারতীয় ভাষা মঞ্চের দাবি, ভারতের সর্বত্র বিশেষ করে বাংলাভাষী অঞ্চলে বাংলাভাষাকে স্বীকৃতি দিয়ে অফিস আদালতে বাংলাভাষা ব্যবহারের নির্দেশ দিতে হবে। বাংলাভাষা মঞ্চ ও ‘ঐকতান গবেষণাপত্র’-এর সম্পাদক নিতীশ বিশ্বাস বলেছেন, ‘বাংলাভাষাকে পূর্ণ মর্যাদা দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন। আমরা চাই ত্রিভাষা সূত্র অনুসারে কেন্দ্রীয় বিদ্যালয়সহ সরকার অনুমোদিত সব বিদ্যালয়ে বাংলাভাষা পড়ানোর ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে যেখানে বাংলাভাষী শিক্ষার্থী রয়েছে, সেই প্রতিষ্ঠানে সরকারি নিয়ম অনুসারে বাংলা পড়াতে হবে। তা ছাড়া ঝাড়খন্ড, আন্দামানসহ যেসব রাজ্যে বাংলাভাষীরা জনসংখ্যার হিসাবে প্রথম স্থানে আছে, সেসব রাজ্যের অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা করতে হবে।’
ভারতীয় ভাষামঞ্চের এসব দাবি সমর্থন জানিয়েছে কলকাতার বুদ্ধিজীবী মহল।
ভাষামঞ্চ চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র বাংলায় রাখার দাবি করেছে। এ ছাড়া বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেছে তারা। তারা বলেছে, আসামকে কেবল অসমিয়া ভাষার রাজ্য করার চক্রান্ত রোধ করতে হবে। ভারতের কেন্দ্রীয় বাজেটে ভারতের দ্বিতীয় জনসংখ্যার ভাষা বাংলা ভাষার জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। একই সঙ্গে আরও দাবি উঠেছে, পশ্চিমবঙ্গের বাইরে যেসব উদ্বাস্তু বাঙালি আজও ভারতের নাগরিকত্ব পাননি, তাঁদের নাগরিকত্ব দিতে হবে। ভারতের সংসদসহ নানা সরকারি প্রতিষ্ঠানে বাংলায় প্রতিবেদন পেশ করারও দাবি করেছেন তাঁরা।
পশ্চিমবঙ্গে থাকা কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মীদের বাংলাভাষা জানা আবশ্যিক করা এবং পশ্চিমবঙ্গে বাংলাভাষা জানা প্রার্থীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে ভাষামঞ্চ থেকে।