কলকাতায় বাম দল-পুলিশ সংঘর্ষ, আটক ৫ বিধায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাম দলের নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেড। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় বাম দলের নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেড। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের ১১টি বাম সংগঠনের ডাকে ১৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সোমবার দুপুরে ডাক দেওয়া হয় রাজ্য সচিবালয় নবান্ন অভিযানের। ওই অভিযানকে কেন্দ্র করে বাম সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রাজনৈতিক নেতা-সমর্থকদের পাশাপাশি পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে সিপিএমের পাঁচজন বিধায়ককে।

নবান্ন অভিযান সফল করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাম দলের নেতা-কর্মীরা কলকাতায় এসে হাজির হন। তাঁদের মোকাবিলায় রাজ্য পুলিশও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নবান্ন যেহেতু হাওড়ায় অবস্থিত, সেহেতু দুই জেলার অন্তত চার হাজার পুলিশ, কমব্যাট ফোর্স, র‍্যাফসহ জলকামান ও টিয়ার শেল প্রস্তুত রাখা হয়। ৪০টি জায়গায় দেওয়া হয় ব্যারিকেড।

নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন বাম দলের নেতা-কর্মীরা। ছবি: ভাস্কর মুখার্জি
নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন বাম দলের নেতা-কর্মীরা। ছবি: ভাস্কর মুখার্জি

বেলা একটায় কলকাতা ও হাওড়ার পাঁচটি নির্দিষ্ট জায়গা থেকে বিশাল মিছিল নিয়ে নবান্নে আসার সিদ্ধান্ত নেয় বাম দল। সে অনুযায়ী সকাল থেকেই কলকাতার ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউ, খিদিরপুর, পিটিএস, সাতরাগাছি এবং হাওড়ার রেল মিউজিয়াম এলাকায় বাম দলের নেতা-কর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। বেলা একটার দিকে রানি রাসমণি রোড ধরে মিছিল শুরু হলে মিছিলকারীরা পথে পুলিশের দেওয়া দুটি ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে এগোতে থাকেন। তাঁদের লক্ষ্য তৃতীয় ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে অগ্রসর হওয়া।
সেখানে পুলিশের দেওয়া অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল ভাঙতে গেলে পুলিশের সঙ্গে বাম দলের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। শুরু হয় ইটপাটকেল ও পাথর ছোড়াছুড়ি। এরপরই পুলিশ ব্যাপকভাবে লাঠিপেটা শুরু করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য অন্তত ১০০ টিয়ার সেল ফাটায় বলে সিপিএম দাবি করেছে। পুলিশের লাঠিপেটায় ৫০ জন বাম কর্মী ও সমর্থক আহত হন। তাঁদের অনেকের মাথা ফেটে যায়। পুলিশের লাঠিপেটায় আহত হন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা ও সাংসদ মহম্মদ সেলিম, কান্তি গঙ্গোপাধ্যায়, শমীক লাহিড়ি, মদন ঘোষসহ আরও অনেকে। ওই সংঘর্ষে আহত হন দায়িত্ব পালন করতে আসা সাংবাদিক ও ফটোসাংবাদিকেরাও। তাঁদের পিটিয়েছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে প্রথম আলোর চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জিও আছেন। তাঁদের চিকিৎসা চলছে।

নবান্ন অভিযানে বাম দলের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠি পেটা। ছবি: ভাস্কর মুখার্জি
নবান্ন অভিযানে বাম দলের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠি পেটা। ছবি: ভাস্কর মুখার্জি

এর আগে আজ নবান্নে ঢুকতে গেলে সিপিএমের পাঁচজন বিধায়ককে আটক করে পুলিশ। তাঁরা হলেন রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, মানস মুখোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্য, আনিসুর রহমান ও অশোক ভট্টাচার্য। এ ছাড়া বাম দলের আরও ২১ জন বিধায়ক নবান্নে ঢুকতে গেলে পুলিশ তাঁদের নবান্নের গেটে আটকিয়ে দেয়।

এদিন কলকাতার পাশাপাশি হাওড়ার সাতরাগাছি থেকে আসা মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে থাকলে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। হাওড়ার শিবপুর, ব্যতড় মোড়, কলকাতার খিদিরপুর, হেস্টিংস, মেয়ো রোড, পিটিএস—সব জায়গায় একই পরিস্থিতি দাঁড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে বাম দলের সমর্থকেরা নবান্নের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বাম দলের নেতা-কর্মীর পাশাপাশি কয়েকজন পুলিশও আহত হন। এ সময় বেশ কয়েকজন বাম নেতা ও সমর্থককে আটক করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে বাম দল।