কলকাতায় বিজেপির সহসভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা মামলায় গ্রেপ্তার হলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। দীর্ঘ আট ঘণ্টা জেরার পর কলকাতার বিধাননগর উত্তর থানার পুলিশ গত শনিবার রাতে গ্রেপ্তার করে তাঁকে। জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, কিছুসংখ্যক চাকরিবঞ্চিত ‘টেট’ (শিক্ষকতার যোগ্যতা নির্ধারণী) পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টে লড়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ৭ লাখ রুপি নিয়েছিলেন। কিন্তু তিনি আর সুপ্রিম কোর্টে মামলা করেননি। টাকাও ফেরত দেননি। তবে জয়প্রকাশ এ অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাঁদের দলের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে জয়প্রকাশকে।