কলকাতায় বিস্ফোরণে নিহত ১, আহত ১৩

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায় শক্তিশালী বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ জন।
আজ মঙ্গলবার সকালে নাগের বাজারের কাজীপাড়ায় একটি বহুতল ভবনের সামনের ফলের দোকানের পাশে এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের দরজা-জানালার কাচ ভেঙে যায়। দোকানের শাটার দুমড়েমুচড়ে যায়।
বিস্ফোরণে নিহত শিশুটির নাম বিভাষ ঘোষ (৭)। শিশুটি ফলের দোকানের সামনে ছিল। এ ঘটনায় তার মা আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের কলকাতার পিজি ও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে আসে বোমা স্কোয়াড ও সিআইডির দল। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
এলাকাটি দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত। বহুতল ভবনের নিচতলায় ছিল পৌর ওয়ার্ড প্রধানের কার্যালয়।

ঘটনার পর তৃণমূল দলীয় পৌরপ্রধান পাঁচু গোপাল রায় অভিযোগ করেন, তাঁকে হত্যার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়। ষড়যন্ত্রকারীরা চটের বস্তায় করে বিস্ফোরক এনে ফলের দোকানের কাছে রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল তৃণমূলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো।
কারও নাম উল্লেখ না করে পাঁচু গোপাল রায়ের ইঙ্গিত, বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে আরএসএস।
স্থানীয় বিধায়ক সুজিত বসু বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত।
বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্মকর্তারা তদন্ত শুরু করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা অত্যধিক ছিল। বহু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আজ দেশজুড়ে পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী। দিনটি ছুটির। এর মধ্যে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটল।