কলকাতায় বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতি কক্ষে শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় কলকাতায় উদ্‌যাপিত হয়েছে। ছবি: ভাস্কর বন্দোপাধ্যায়।
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় কলকাতায় উদ্‌যাপিত হয়েছে। ছবি: ভাস্কর বন্দোপাধ্যায়।

আজ ১৭ মার্চ শুক্রবার বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। কলকাতায় দিনটি উদ্‌যাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দিনটি পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তিতে মাল্যদান, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ, পশ্চিমবঙ্গের বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস বিধায়ক অসিত মিত্রসহ কলকাতার সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশ, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতিসহ কলকাতার কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

১৯১০ সালে প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪৫-৪৬ সালে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। ইসলামিয়া কলেজের নাম বদল করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।

১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতি কক্ষ। এই স্মৃতি কক্ষে এখনো রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি। তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ২৪ নম্বরের পাশের ২৩ নম্বর কক্ষটি যুক্ত করে স্মৃতি কক্ষ গড়ার উদ্যোগ নেন। ১৯৯৮ সালের ৩১ জুলাই বঙ্গবন্ধু স্মৃতি কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী।