কলকাতায় বড় পরিসরে বাংলাদেশের বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম বড় পরিসরে কলকাতায় উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব। আগামী ১৫ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ উৎসব শুরু হবে। আজ বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ বলেন, প্রতি বছরের মতো এবারও এই উৎসবের আয়োজন করছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন। গত চার বছর ধরে বাংলাদেশ উপহাইকমিশনের চত্বরে এ উৎসব হচ্ছে। কিন্তু স্বল্প পরিসরে আয়োজিত এ উৎসব অনেকের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই কলকাতাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার বড় পরিসরে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবার এই উৎসবকে ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, লোকগীতি, বাউলগান, লালন গীতি, আধুনিক গান, ব্যান্ড সংগীত, সুফি সংগীত, নৃত্যসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী রুনা লায়লা, কোনাল, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, রেনেসাঁ, লালন শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া, সুফি সংগীত চট্টগ্রাম। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে সেখানে আরও অংশ নেবেন তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মোস্তফা, নাসিমা শাহিন ফেন্সি, মৌটুসী ও অণিমা রায়।

বাংলাদেশ বিজয় উৎসবের এই মেলায় থাকবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্প ও বুটিকের প্রদর্শনী। এ ছাড়াও থাকবে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও পিঠাসহ বাংলাদেশি মুখরোচক খাবারের প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে উপহাইকমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপহাইকমিশন সূত্র জানায়, এবার এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সভাপতিত্ব করবেন উপহাইকমিশনার জকি আহাদ।