কলকাতায় শুরু হচ্ছে বাংলা সাহিত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য উৎসবকে ঘিরে কলকাতায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যের সফর। রাজা রামমোহন রায়ের বাড়ি ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
সাহিত্য উৎসবকে ঘিরে কলকাতায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যের সফর। রাজা রামমোহন রায়ের বাড়ি ঘুরে দেখছেন অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

দ্বিতীয়বারের মতো কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী এপিজে বাংলা সাহিত্য উৎসব। ২১ অক্টোবর বিকেলে অক্সফোর্ড সেন্টারে উৎসবের উদ্বোধন করবেন কবি শঙ্খ ঘোষ।
এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলকাতার সঞ্জীব চট্টোপাধ্যায় ও নবনীতা দেব সেন।
আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সাহিত্য উৎসবের বিষয়ে জানান প্রখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই সাহিত্য সম্মেলনের আয়োজক কলকাতার অক্সফোর্ড বুক সেন্টার এবং প্রকাশনা সংস্থা পত্র ভারতী। এবারের বাংলা সাহিত্য সম্মেলনে থাকছে বাংলা গল্প-উপন্যাস পাঠ, কবিতা আবৃত্তি, রম্য রচনা, সিনেমা থেকে গান ও সোশ্যাল মিডিয়া থেকে পরমাণু গল্প আর বিতর্ক।
সাহিত্য উৎসবকে ঘিরে আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যের সফর। এ সময় কলকাতার সাহিত্যিক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের নিয়ে যাওয়া হয় কলকাতার ঐতিহ্যবাহী বাড়িতে। এর মধ্যে ছিল রাজা রামমোহন রায়ের বাড়ি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসভবন, রামমোহন লাইব্রেরি, সাহিত্যিক উপেন্দ্রকিশোর, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের বাসভবন এবং সাহিত্য পরিষদ ভবন।