কলকাতায় সপ্তাহব্যাপী শিল্পকলা প্রদর্শনী, আছেন বাংলাদেশি শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহব্যাপী প্রভাস্বিত শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। নজরুল তীর্থ গ্যালারি, কলকাতা, ৫ ডিসেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
সপ্তাহব্যাপী প্রভাস্বিত শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। নজরুল তীর্থ গ্যালারি, কলকাতা, ৫ ডিসেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় শুরু হয়েছে প্রভাস্বিত শিল্পকলা প্রদর্শনী। সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন হয় আজ বুধবার বিকেলে কলকাতার নিউটাউনের নজরুল তীর্থ গ্যালারিতে। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন কলকাতার বিখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন ২৭ জন চিত্রশিল্পী। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন তিনজন। তাঁরা হলেন শিবনাথ বিশ্বাস, সাবিয়া নাসরিন ও সুপর্ণা গোমেজ। তাঁদের কয়েকটি চিত্র প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। শেষ হবে ১১ ডিসেম্বর।

আমন্ত্রিত ব্যক্তিদের পাশাপাশি প্রভাস্বিত শিল্পকলা প্রদর্শনীতে অংশ নেন সাধারণ দর্শনার্থীরা। নজরুল তীর্থ গ্যালারি, কলকাতা, ৫ ডিসেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
আমন্ত্রিত ব্যক্তিদের পাশাপাশি প্রভাস্বিত শিল্পকলা প্রদর্শনীতে অংশ নেন সাধারণ দর্শনার্থীরা। নজরুল তীর্থ গ্যালারি, কলকাতা, ৫ ডিসেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

প্রদর্শনীর উদ্বোধন করে ওয়াসিম কাপুর বলেছেন, ‘এটা অত্যন্ত গর্বের কথা যে একঝাঁক চিত্রশিল্পীর এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে চিত্রশিল্পের এক নতুন দ্বার খুলে দিল। আমরা আশা করব আগামী দিনে প্রভাস্বিত আরও ব্যাপক পরিসরে এই প্রদর্শনীর আয়োজন করবে।’ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে চিত্রশিল্প, আলোকচিত্র ও ভাস্কর্য। এর মধ্যে রয়েছে ৪৫টি পেইন্টিং, ১৩টি আলোকচিত্র ও ৮টি ভাস্কর্য।

প্রভাস্বিতির কর্মকর্তা জিৎ গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, এবার তাঁদের প্রদর্শনীর বয়স ১১ বছর হলো। তাঁরা চাইছেন ভাস্কর্য ও চিত্রশিল্পের প্রতি মানুষকে আরও আকৃষ্ট করে তুলতে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে যোগদানকারী শিল্পীদের আঁকা ছবির একটি অ্যালবামও প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন চিত্রশিল্পী পার্থ কুমার পালিত, অতনু বসু, নজরুল তীর্থের কর্মকর্তা নারায়ণ চন্দ্র শীল, প্রভাস্বিতির উপদেষ্টা ও বিশিষ্ট চিত্রশিল্পী তারক গড়াই এবং প্রখ্যাত চিত্রগ্রাহক সমীরণ নন্দী, হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন প্রমুখ।