কলকাতায় সাড়ম্বরে বিজয় দিবস পালন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল এনডি প্রসাদ এবং উপ হাইকমিশনার তৌফিক হাসান। ছবি: ভাস্কর মুখার্জি।
মেজর জেনারেল এনডি প্রসাদ এবং উপ হাইকমিশনার তৌফিক হাসান। ছবি: ভাস্কর মুখার্জি।

কলকাতায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস পালিত হবে। দিনটি ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস হিসেবে পালন করবে। এ লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্টউইলিয়ামে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ডের এমজিজিএস মেজর জেনারেল (জেনারেল সার্ভিস-হেড কোয়ার্টার) এনডি প্রসাদ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান, কলকাতার উপহাইকমিশনে নিযুক্ত কাউন্সিলর (কনস্যুলার ভিসা) মনসুর আহমেদ, দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সহকারী ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল শেখ রামিজউদ্দিন মহম্মদ ওয়াসিম প্রমুখ।

এনডি প্রসাদ জানান, এবারও ১৬ ডিসেম্বর সাড়ম্বরে পালন করবে ভারতীয় সেনা। বাংলাদেশ থেকে যোগ দেবে সাংসদ কাজী রোজির নেতৃত্বে ৩০ জন মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তাসহ তাঁদের পরিবারের ৭২ জন প্রতিনিধি। গত বছরেও ৭২ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এবার ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূর্বাঞ্চলীয় সেনা সদর ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

বিজয় দিবসের সূচনা হবে কলকাতার প্রিন্সেপ ঘাটে মিলিটারি ব্যান্ডের কনসার্টের মাধ্যমে। থাকবে মিলিটারি ব্যান্ডের প্রদর্শন। থাকবে আরসিটিসিতে মিলিটারি ট্যাটু, হেলিকপ্টার প্রদর্শন, বাইক প্রদর্শন, ঘোড়া-কুকুরের কসরত ইত্যাদি। এ উপলক্ষে কলকাতার এই পূর্বাঞ্চলীয় সেনা সদরে বিজয় দিবস বিষয়ক এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

উপহাইকমিশনার তৌফিক হাসান জানান, এবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের যেসব সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদ হয়েছেন, তাঁদের তুলে দেওয়া হবে মরণোত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সন্মাননা। এ তালিকায় ২০ জন ভারতীয় শহীদ সেনার নাম রয়েছে।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ১৭ এপ্রিল দিল্লিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ ৭ সেনার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল মরণোত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সন্মাননা। এবার এই সম্মাননা তুলে দেওয়া হবে শহীদ পরিবারের হাতে পূর্বাঞ্চলীয় সেনা সদরের বিজয় স্মারকস্থলে আয়োজিত ভোরের অনুষ্ঠানে।